সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট
সিরাজগঞ্জ জেলার সব পথে গতকাল সোমবার দুপুর থেকে অটোরিকশার শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। শ্রমিকদের অভিযোগ, তাঁদের কাছ থেকে অটোরিকশা মালিক সমিতির চাঁদা আদায়ের প্রতিবাদ করায় গতকাল মালিকপক্ষের হামলায় চারজন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তাঁরা ধর্মঘট ডেকেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা-কর্মী কড্ডার মোড় এলাকায় গেলে মালিক সমিতির লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, শ্রমিক মিঠুন ও লিটন আহত হন। এ ঘটনার পর থেকে জেলার সব পথে শ্রমিকেরা অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ভাষ্যমতে, কড্ডার মোড়, সয়দাবাদ, এনায়েতপুরসহ জেলার অর্ধশতাধিক স্থানে মালিক সমিতি প্রতিদিন প্রতি অটোরিকশা থেকে ৭০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করছে। চাঁদা আদায় না করার জন্য মালিক সমিতিকে চিঠি দেওয়া হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না। চাঁদা না দেওয়ার জন্য শ্রমিকদের উদ্বুদ্ধ করতে গতকাল সোমবার দুপুরে কড্ডার মোড়ে গেলে মালিক সমিতির কয়েকজন নেতার নেতৃত্বে তাঁদের মারধর করা হয়েছে। চাঁদা আদায় বন্ধ না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে তিনি জানান।জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি ফিরোজ মিয়া বলেন, সারা দেশে মালিক সমিতির পক্ষ থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করা হচ্ছে; এটা স্বীকৃত। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে ২২ জুন মালিক সমিতির সভায় আলোচনা করার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, গতকালের ঘটনায় মালিক সমিতির কেউ জড়িত ছিলেন না। শ্রমিকদের মধ্যেই মারামারি হয়েছে।