সিরাজগঞ্জে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ
সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা, বাসশ্রমিক ও পুলিশের মধ্যে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের মধ্যে পাঁচজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় ১০টি অটোরিকশা ও দুটি বাস ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর থেকে জেলার অভ্যন্তরীণ সব সড়কে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও শ্রমিকদের সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের কড্ডার মোড়ে পাশ কাটানোকে কেন্দ্র করে এক অটোরিকশাচালকের সঙ্গে বাসশ্রমিকদের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাতেই বাসশ্রমিকেরা কড্ডার মোড় এবং মিরপুর এলাকায় অটোরিকশা শ্রমিকদের মারধর করেন। এ দুটি ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হন। এর জের ধরে গতকাল শনিবার সকালে বাসশ্রমিকেরা আবার কড্ডার মোড়, শহরের রেলগেট ও শিয়ালকোল এলাকায় অটোরিকশা ভাঙচুর ও চালকদের মারপিট করেন। পরে অটোরিকশা শ্রমিকেরা পৌর শহরের মিরপুর এলাকায় দুটি বাস ভাঙচুর করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন। পরে বাসশ্রমিকেরা বাস টার্মিনালের সামনে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ওপর এলোপাতাড়িভাবে বাস রেখে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।