সিরাজগঞ্জে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মামলার প্রথম রায়
সিরাজগঞ্জে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মামলার প্রথম রায়ে বাদীর পক্ষে সম্পত্তি তালিকা থেকে অবমুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আদালতে গঠিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অতিরিক্ত ট্রাইব্যুনালের বিচারক উমেঞ্চ কুলসুম এ রায় দেন।আদালত সূত্রে জানা যায়, জেলার কামারখন্দ উপজেলার জামতৈল মৌজার ৫৫৯ (এসএ) দাগের ২৬ শতক জমির মধ্যে ১৩ শতক গত আরএস রেকর্ডে অর্পিত সম্পত্তি (ভিপি) হিসেবে তালিকাভুক্ত হয়। বিষয়টি নিয়ে ওই জমির দাবিদার (ওয়ারিশ) মৃত নারায়ণ চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা, উত্তম কুমার সাহা, উৎপল কুমার সাহা এবং নারায়ণের স্ত্রী হেনা সাহা সিরাজগঞ্জ জজ আদালতে মামলা করেন।২০০৮ সালের ৩১ আগস্ট ওই মামলায় বাদীপক্ষ আদালত থেকে রায়ও পায়। পরে সরকারপক্ষ জেলা জজ আদালতে আপিল করলে তা নামঞ্জুর হয়। কিন্তু চলতি বছরের ১৯ মার্চ প্রকাশিত গেজেটে ওই সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে প্রকাশিত হয়। এরপর গত ১১ জুন অপূর্ব কুমার সাহা গং ওই সম্পত্তি অবমুক্তের জন্য অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অতিরিক্ত ট্রাইব্যুনাল আদালতে আবার মামলা করেন। উভয় পক্ষের সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক ওই জমি অর্পিত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত করার আদেশ দেন।