সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে সিরাজগঞ্জ-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের সদর উপজেলার বারইতারা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা ও আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বাসুদেব সিনহা জানিয়েছেন, বিকেলের দিকে ১৮ দলের নেতারা সাইফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে বেইলি ব্রিজের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি বলেছেন, লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী বলেন, ১৮-দলীয় নেতা-কর্মীরা
পরিকল্পিতভাবে ওই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।