সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরে গতকাল বুধবার দুপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিত আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান, একটি ক্লিনিক ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সিরাজগঞ্জ পৌরসভায় মাটি ভরাটের ২০ লাখ টাকার দরপত্র দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি কামাল আহত হন। এরপর উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শহরের এস এস রোড, গোশালা, পৌরসভা রোড, মুজিব সড়ক, ঢাকা রোড, ইলিয়ট ব্রিজ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে হামলা-পাল্টাহামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় সব দোকানপাট। এ সময় এস এস রোডে একজন চিকিৎসকের বাসভবন, পলি ক্লিনিক, দুটি মোটরসাইকেল ও তিনটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে শর্টগানের ২২ রাউন্ড গুলি, ১৬ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান বলেন, দরপত্রের বিষয়টি নিয়ে বিএনপির নেতা-কর্মীরা পরিবেশ অস্থিতিশীল করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। দরপত্রের বিষয়টি পৌরসভার নিজস্ব। এখানে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেস আলী বলেন, সংঘর্ষের সময় তিনি পৌরসভায় ছিলেন না। তবে ঘটনাটি শুনেছেন।সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক আবদুল মালেক জানান, দরপত্র নিয়ে ঘটনার সূত্রপাত হলেও দুই দলের সমর্থকেরা আকস্মিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।