সিরাজগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে জামায়াত-কর্মী নিহত
সিরাজগঞ্জের বেলকুচিতে গতকাল বুধবার রাতে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে আলমগীর হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ ঘটনায় উপজেলায় আগামী রোববার আধাবেলা হরতাল ডেকেছে জেলা জামায়াত।
জামায়াতের জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম জানান, নিহত আলমগীর জামায়াতের ভাঙ্গাবাড়ী ইউনিয়ন কমিটির বায়তুল মাল সম্পাদক ছিলেন। তাঁর আলমগীর উপজেলার ধুলিরচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ধুলিরচর গ্রামে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে জামায়াত-সমর্থকদের রাজনৈতিক বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বুধবার রাত নয়টার দিকে আওয়ামী লীগের কর্মী আবদুল মজিদ ওরফে ব্যাঙ মজিদের সমর্থকদের সঙ্গে জামায়াত-সমর্থক আসলাম মাস্টারের সহযোগীদের সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আলমগীর মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মজিদের ভাইয়ের ছেলে রুবেল রানা ও আমিনকে আটক করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফজী খান জানান, এলাকাটি জামায়াত-শিবিরের কর্মী-অধ্যুষিত। ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগেও এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পর গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কিছু ভোট পেলে জামায়াত ক্ষুব্ধ হয়। এরই জের ধরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।