সিরাজগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ গতকাল শনিবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি নাইন এমএম পিস্তল, ১০টি গুলি, চারটি ম্যাগাজিন ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালের দিকে একদল পুলিশ সেতুর পশ্চিম গোলচত্বরে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের চালক ওই এলাকা অতিক্রমকালে পুলিশ সদস্যদের দেখে গাড়ি ঘুরিয়ে উত্তরবঙ্গের দিকে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে দুটি নাইন এমএম পিস্তল, ১০টি পিস্তলের গুলি, চারটি ম্যাগাজিন ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পিস্তল দুটির একটি চীনে ও অপরটি যুক্তরাষ্ট্রে তৈরি। এ সময় গাড়ির চালক মাহবুব হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়।