সিরাজগঞ্জে আজ আধা বেলা হরতাল বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে গত রোববার পুলিশের ওপর হামলা ও আওয়ামী লীগ নেতার বাসায় ভাঙচুরের ঘটনায় বিএনপির ২৪ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে জেলা বিএনপি আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে।
গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ।
জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার শহরে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালায়। এ ছাড়া ওই দিন রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়ি তল্লাশির নামে তছনছ ও ভাঙচুর করে পুলিশ। এ সময় অন্তত ৩০ জনকে আটক করে। নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ জেলায় অর্ধদিবস হরতাল পালন করা হবে।