সিরাজগঞ্জে আবার অ্যানথ্রাক্স ২০ জন আক্রান্ত, মরছে পশু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আবার অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ২০ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এ ছাড়া মারা গেছে ২২টি গবাদিপশু। এলাকাবাসীর অভিযোগ, সঠিক সময়ে প্রতিষেধক টিকা না দেওয়াই আবার অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার কারণ।গতকাল শুক্রবার শাহজাদপুরের স্বরাতৈল গ্রামে ঘুরে জানা গেছে, গ্রামের আবদুর রাজ্জাকের একটি গরু অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করে ভালো না হওয়ায় ১৩ মে গরুটিকে জবাই করে মাংস বিক্রি করে দেওয়া হয়। গরু জবাই, মাংস কাটা ও রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকের শরীরে এক দিন পরই চুলকানি হয়ে ফুসকুড়ির মতো উঠতে থাকে এবং পরে ছোট ছোট ক্ষত সৃষ্টি হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৬ জন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তাঁরা হলেন, গ্রামের বাসিন্দা আশরাফ আলী (৩০), গোলবার হোসেন (৪০), মজনু মিয়া (২৫), মানিক (৩২), ইসমাইল (৩২), জলিল (২৫), মান্নান (৩০), বরাত (১২), আলিম (৯), ফরিদ (৩২), শাকিল (৯), মনিরুল ইসলাম (২২), খাদিজা (৪), আসিনুর (২৮), নাজমা (৪৫) ও আনোয়ারা (৫০)।আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মানিক মিয়া ও তাঁর ভাই মনিরুল ইসলাম বলেন, মাংস কাটার পরদিনই হাতে ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত দেখা যায়। কিন্তু তখন বিষয়টি কাউকে জানাননি। ক্ষত বড় হতে থাকায় চার দিন পর গত বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে তাঁদের ব্যবস্থাপত্র দেওয়া হয়, কোনো ওষুধ দেওয়া হয়নি। তবে পরদিন তাঁদের বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়েছে। অপরদিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বওশাগাড়ী গ্রামের চার ব্যক্তি অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ওই এলাকার বারইটেপরী প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপক আরিফুল ইসলাম জানান, গত মাসে গ্রামের আবদুল মালেকের একটি অসুস্থ গাভি জবাই করা হয়। ওই মাংস কাটা ও রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে গ্রামের বাসিন্দা সোহেল (১৮), সাইদুল (৩০), নেছা বেগম (৪০), তারা মোল্লা (৫০) অ্যানথ্রাক্সে আক্রান্ত হন। তাঁরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।আরিফুল ইসলাম আরও জানান, ১০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বওশাগাড়ী গ্রামের কালু মিয়া, আবদুস সাত্তার, আবদুল মান্নান ও পুরানটেপরী গ্রামের রফিকুল ইসলাম ও মোর্সেদ আলীর পাঁচটি গাভিসহ ১০টি গবাদিপশু এবং আশপাশের অন্যান্য গ্রামের ১২টি গবাদিপশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে।স্বরাতৈল গ্রামের বাসিন্দা সামসুল ইসলাম বলেন, গত বছর প্রাণিসম্পদ বিভাগ থেকে এই রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়েছিল। কিন্তু এ বছর নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত টিকা দেওয়া হয়নি। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বুধবার বহির্বিভাগে কয়েকজন রোগী আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, তারা ‘টিটেনিয়াস অ্যানথ্রাক্সে’ আক্রান্ত। এ ছাড়া এক মাস আগে বওশাগাড়ী গ্রামের চার ব্যক্তিকে অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে চিহ্নিত করে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছিল।শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, স্বরাতৈল গ্রামে ১৬ জন অ্যানথ্রাক্সের রোগী শনাক্ত করে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়।শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘অ্যানথ্রাক্সে আক্রান্ত হলে বা কোনো প্রাণী মারা গেলেও অনেকে জানায় না। গ্রাম্য চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করা হয়। এ জন্য আমরা সব সময় জানতেও পারি না। বর্তমানে এলাকায় অ্যানথ্রাক্স প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে।’গত বছরের বর্ষা মৌসুমে স্বরাতৈলের পাশের গ্রাম চুতুলিয়াসহ উপজেলার আরও কয়েকটি ইউনিয়ন এবং শাহজাদপুর, কামারখন্দ ও বেলকুচিতে তিন শতাধিক মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছিল।