সিরাজগঞ্জে আরও দুজন অ্যানথ্রাক্সে আক্রান্ত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বানিয়াকৈড় গ্রামের মোছাম্মৎ বেগম (৪৫) ও তাঁর মেয়ে হ্যাপিকে (১২) গতকাল মঙ্গলবার অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ নিয়ে এক সপ্তাহে উল্লাপাড়ায় অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা দাঁড়াল আটজনে।এদিকে অ্যানথ্রাক্স পরিস্থিতি পর্যবেক্ষণে গতকাল সিরাজগঞ্জ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী। অ্যানথ্রাক্স মোকাবিলায় করণীয় নিয়ে সিরাজগঞ্জ সার্কিট হাউস সভাকক্ষে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুর রায় জানান, ঈদের আগের দিন বানিয়াকৈড় গ্রামের রানা প্রামানিকের অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু কম দামে কিনে সেটিকে জবাই করে মাংস ভাগ করে নেয় গ্রামের ২৩টি পরিবার। ওইসব পরিবারের তিনজন গত দুদিনে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বাকিরাও আক্রান্ত হতে পারে বলে তাদের ধারণা।এদিকে মতবিনিময় সভায় সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, অ্যানথ্রাক্সে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ সরকারের কাছে মজুদ রয়েছে। এ নিয়ে ভয়ের কিছু নেই। এ রোগ মানুষ থেকে মানুষে বিস্তার লাভ করে না। অ্যানথ্রাক্স প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই রোগ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। কারণ মাটির নিচে অ্যানথ্রাক্স রোগের জীবাণু দীর্ঘ সময় টিকে থাকে। সেখান থেকেই গবাদিপশুর মাধ্যমে রোগটি বিস্তার লাভ করে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন নুরুল ইসলাম তালুকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। উপদেষ্টা পরে সদর উপজেলার বাঐতারা কমিউনিটি ক্লিনিক এবং কামারখন্দ উপজেলার অ্যানথ্রাক্সে আক্রান্ত ধোপাকান্দি গ্রাম পরিদর্শন করেন।গরুর মৃত্যুতে আতঙ্ক: গোদাগাড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, উপজেলার মাটিকাটা ইউনিয়নের হাবাসপুর গ্রামের কার্তিকচন্দ্র দাসের নয়টি গরুর মধ্যে একটি গরু দীর্ঘদিন অসুস্থ ছিল। গত সোমবার সকালে গরুটি মারা যায়। একই ইউনিয়নের মাছমারা গ্রামের আরমান আলীর ১৫টি গরুর মধ্যে একটি গরু গত রোববার অসুস্থ হয়ে পড়ে। সোমবার দুপুরে ওই গরুটিও মারা যায়। অ্যানথ্রাক্স আতঙ্কে গরুর মালিকেরা সঙ্গে সঙ্গে মৃত গরু দুটি মাটিতে পুঁতে ফেলেন।গোদাগাড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নাজিমুল ইসলাম জানান, তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গরুর মালিকদের বাড়িতে গেছেন। তিনি তাঁদের বাড়ির অন্যান্য গরুর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জে আঞ্চলিক প্রাণী রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ওই গরুগুলোর শরীরে অ্যানথ্রাক্সের লক্ষণ পাওয়া যায়নি।জামালপুর প্রতিনিধি জানান, জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে গত সোমবার কৃষক সাইদুল ইসলাম আকন্দের পাঁচটি গরু মারা গেছে। মৃত গরুগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। গরুগুলো অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে নিশ্চিত করে ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, তাঁর কার্যালয়ে মাত্র ৩০০ প্রতিষেধক মজুদ আছে। কর্তৃপক্ষের কাছে আরও ২০ হাজার প্রতিষেধক চাওয়া হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ওই ইউনিয়ন পরিদর্শন করে সেটিকে ‘অ্যানথ্রাক্স জোন’ হিসেবে ঘোষণা করেছেন।