সিরাজগঞ্জে আরও ১৭ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুই গ্রামে নারী-পুরুষ ও শিশুসহ আরও ১৭ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের একটি চিকিৎসা দল গ্রাম দুটিতে গিয়ে তাঁদের শনাক্ত করে। আক্রান্তরা হলো: উপজেলার কৈজুরী ইউনিয়নের পাঁচিল ও জয়পুরা গ্রামের সোমা খাতুন (১০), আল্লাদি খাতুন (১২), মেরাজুল ইসলাম (২১), রুনা খাতুন (৮), শ্যামলী (১০), শান্তনা (৭), মায়া (৮), আনজুয়ারা (৫৮), হামিদুল (১২), আজমিরা খাতুন (১০), সোনিয়া (৮), নারজিন (১০), তাজমাউল (১৫), নজরুল ইসলাম (২২), মমতা খাতুন (১০), রাজিয়া বেগম (৬০) ও সাগর মিয়া (৩৫)।এ নিয়ে গত দুই মাসে সিরাজগঞ্জে মোট ৫৪ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হলেন।জেলা স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা জানান, পাচিল গ্রামের আবদুল মান্নানের একটি অসুস্থ ষাঁড় গত ২ জুন সন্ধ্যায় জবাই করে মাংস দুই গ্রামের প্রায় ৪০টি পরিবার ভাগ-বাটোয়ারা করে নেয়। এ মাংস কাটা ও রান্নার কাজে জড়িত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ১৯ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।