সিরাজগঞ্জে আসামি ছিনতাই মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পুলিশকে মারপিট করে আসামি ছিনতাইয়ের মামলায় ইউপির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া হাজি রেজাউল করিম সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য। সিরাজগঞ্জ সদর থানার পুলিশ গতকাল শুক্রবার শহরের মালসাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিকুল ইসলাম জানান, ৪ মার্চ গাজীপুরের শ্রীপুর থানায় পোলট্রি ফিড বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়। ওই মামলায় আসামি কান্দাপাড়া গ্রামের আনছার আলীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে আনছার আলীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রেজাউল করিম দুই শতাধিক লোক নিয়ে পুলিশের পিকআপ ও মাইক্রোবাস আটক ও ভাঙচুর করেন। এতে পুলিশ সদস্যরা বাধা দিলে হামলাকারীরা মাইক্রোবাসের চালক শ্রীপুরের ধামলই এলাকার নুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শ্রীপুর থানার এসআই গোলাম কিবরিয়া, এএসআই সরোয়ার, কনস্টেবল বোরহান আবদুল আউয়াল, সদর থানার এসআই জুয়েল ও কনস্টেবল আবদুল আলিমকে লোহার রড ও লাটিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে আনছার আলীকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে এবং দুই শতাধিক অজ্ঞাতনামা গ্রামবাসীর নামে মামলা হয়।