সিরাজগঞ্জে উন্নয়নের নানা প্রতিশ্রুতি চার মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনার ভাঙন রোধে নদীশাসন করে নতুন শহর, পর্যটনকেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পার্কসহ নানা স্থাপনা নির্মাণের মাধ্যমে সিরাজগঞ্জের উন্নয়ন করা হবে। সরকারের চার মন্ত্রী গতকাল বৃহস্পতিবার এসব প্রতিশ্রুতি দিয়েছেন।
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠানে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সিরাজগঞ্জের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে স্থানীয় নেতারা সভায় বিভিন্ন দাবি তুলে ধরেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, নদীভাঙনের কারণে সিরাজগঞ্জে শিল্প পার্ক ও অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজে বিলম্ব হলো। ওই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ফলে এখন খুব দ্রুত কাজটি বাস্তবায়ন করা হবে। নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন করা হবে।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধানে সিরাজগঞ্জবাসীকে সার্বিক সহায়তা দিতে হবে। মানুষ যেন নিরাপদে ভ্রমণ করতে পারে, তার ব্যবস্থা করতে হবে।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নদী ভাঙন রোধ করে সিরাজগঞ্জে ইতিমধ্যেই বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধার করা হয়েছে। ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কেবল সিরাজগঞ্জেই আরও প্রায় ২০ হেক্টর জমি পুনরুদ্ধার করা হবে। সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের মানুষের জন্য যমুনার ভাঙন এক সময় দুঃখ ছিল। নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা গেলে সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রাম পর্যন্ত ১২০ কিলোমিটার স্থায়ী বাঁধ ও চার লেনের রাস্তা নির্মাণসহ নদীশাসনের কাজের মাধ্যমে যমুনা আশীর্বাদ হিসাবে কাজ করবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্ম নাসিম এবং সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ ম ম আমজাদ হোসেন, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আবদুল লতিফ ভুইয়া, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।