সিরাজগঞ্জে উপড়ে ফেলেছে দুই সেতুর পাটাতন

জামায়াতের ডাকা হরতাল চলাকালে সিরাজগঞ্জে সেতুর পাটাতন উপড়ানো, ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সেতুর পাটাতন খুলে রাখায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়ে আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের নলকা, সিরাজগঞ্জ-সদানন্দপুর (কড্ডা) আঞ্চলিক সড়কের কোনাগাতী, সিরাজগঞ্জ-সয়দাবাদ বাইপাস সড়কের বাঐতারা ও সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপিতে এ ঘটনাগুলো ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের নলকা বেইলি ব্রিজের পাটাতন খুলে ফেলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি নিক্ষেপ করে। পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
রাত সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারে জামায়াত-শিবিরের কর্মীরা দুটি ট্রাক ভাঙচুর করেন।
রাত পৌনে ১২টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা সদর উপজেলার সিরাজগঞ্জ-সদানন্দপুর (কড্ডা) আঞ্চলিক সড়কের কোনাগাতী বেইলি ব্রিজের একটি পাটাতন উপড়ে ফেলেন। তাঁরা এ সময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। পাটাতন তুলে রাখায় রাত পৌনে দুইটার দিকে এই সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় পণ্যবাহী দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

জামায়াত-শিবিরের কর্মীরা ভোর পাঁচটার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-সয়দাবাদ বাইপাস সড়কের বাঐতারায় একটি বেইলি ব্রিজের চারটি পাটাতন খুলে ফেলেন। এ সময় সেখানে একটি ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগ করেন। রাতেই ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নেভায়।
হরতালের সমর্থনে ভোর ছয়টার দিকে সদরের সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপিতে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং হরতালের সমর্থনে মিছিল করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, মহাসড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।