সিরাজগঞ্জে গ্রামীণ ফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের হোসেনপুরে একটি কনভেনশন সেন্টারে গতকাল সোমবার সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিযোগিতার শুরু হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৩ প্রতিযোগী অংশ নেয়। এমসিকিউ পদ্ধতি ও দলগত পরীক্ষা, গেম জোন উপস্থাপনাসহ সর্বোচ্চ নম্বর পেয়ে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়। বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ওই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী নির্বাচিত হয়। তারা হলো: হাসিবুল ইসলাম, সৌমিক রঞ্জন পাল, মোফাজ্জল হোসেন, আবিদ রেজা ও নাসিব রোকনী।
সিরাজগঞ্জ বন্ধুসভার সহযোগিতায় ঢাকা বন্ধুসভার অর্থ সম্পাদক অনিক সাহা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কামারখন্দ উপজেলার সালাম জাহানারা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জ বন্ধুসভার প্রতিষ্ঠাকালীন সভাপতি আবদুল আজিজ সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসিব শেখ, রবিউল ইসলাম, সাগর মণ্ডল, মনির হোসেন প্রমুখ।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।