সিরাজগঞ্জে ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু এলাকায় আজ শুক্রবার দুপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেটকারের চালকসহ দুজন নিহত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জের লাখাই আঞ্চলিক সড়কে সকালে চান্দের গাড়ি দুর্ঘটনায় আলী আকবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন।
বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে...
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক রংপুরে যাচ্ছিল। অপরদিকে হাটিকুমরুল থেকে একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে ঝাইল পদচারী সেতু কাছাকাছি এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই চাপা পড়ে দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি কেটে লাশ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেটকারের চালক পাবনা জেলা সদরের শংকরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে বেল্লা হোসেন (৩২) ও চালকের ভাগনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের সাইফুল ইসলাম খন্দকারের ছেলে গোলাম রাব্বানী (২৪)।
হবিগঞ্জ: পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে লাখাই উপজেলা সদর থেকে প্রায় ১৫ জন যাত্রী নিয়ে একটি চান্দের গাড়ি জেলা সদরের দিকে রওনা হয়। গাড়িটি ওই সড়কের লুকড়া-রিচির মাঝামাঝি স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়ির সাতজন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে আলী আকবরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াউক গ্রামে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দীন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।