সিরাজগঞ্জে কওমী জুট মিল চালুর দাবিতে মানববন্ধন
‘জানুয়ারি মাসে মিল চালু অইবো হুইন্যা গার্মেন্ট ফ্যাক্টরির কাম ছাইর্যা দিয়া বাড়িত আইছিলাম। মনে করছিলাম বাড়ির ভাত খাইয়্যা পূর্বের লাহান কাজ করমু। ছওয়াল-পওয়াল লইয়্যা সুখে-শান্তিতে থাকমু। কিন্তু সে আশাও শেষমেশ মিথ্যা অইতেছে।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের কওমী জুট মিলের শ্রমিক কান্দাপাড়া গ্রামের আবদুল মজিদ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩১ জুলাই মিলটি চালু অবস্থায় বন্ধ করে দেওয়া হয়। তার পর থেকে এই মিলের আড়াই হাজার শ্রমিক-কর্মচারী বেকার। মিলটি চালুর দাবিতে সিরাজগঞ্জ জেলা বাসদ ও শ্রমিক মজদুর ইউনিয়নের পক্ষ থেকে গতকাল শুক্রবার জেলা সদরের নাজমুল চত্বরে মানববন্ধন করা হয়। এতে মিলের শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্যান্য কারখানার সঙ্গে এই মিলটি চালু করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তারা চালু করার লক্ষ্যে বরাদ্দ চেয়ে পাট মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন করেন। গত বছরের অক্টোবর মাসে শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং কিছু দিন আগে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জে মিলটি জানুয়ারি মাসের মধ্যে চালু করার কথা বলেন। কিন্তু জানুয়ারি মাস অতিবাহিত হতে চললেও মিলটি চালুর ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না।মিলের উপব্যবস্থাপক মো. সাইদুর রহমান বলেন, কর্তৃপক্ষের নির্দেশে মিলটি চালু করার জন্য গত বছরের ৯ আগস্ট যন্ত্রপাতি পরিষ্কার-পরিচ্ছন্ন, বৈদ্যুতিক প্লান্ট, অবকাঠামো সংস্কারসহ বিভিন্ন কাজের জন্য ছয় কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ চেয়ে বিজেএমসির মাধ্যমে পাট মন্ত্রণালয়ে একটি পত্র পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অনুমোদন আসেনি।