সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ-ভাঙচুর
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা অবরোধে সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও বিচ্ছিন্ন পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছোড়ে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছোড়ে পুলিশ। এ সময় ওই সড়কের খলিফাপট্টি মোড়ে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা।
এর আগে সকাল আটটার দিকে সয়দাবাদ-বেলকুচি সড়কের সদর উপজেলার খিদির এলাকায় দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন বিএনপির কর্মীরা।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে অবরোধে এ পর্যন্ত জেলার কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।