সিরাজগঞ্জে কলেজ স্থানান্তর নিয়ে কর্তৃপক্ষ বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর আগে যমুনার ভাঙনের কবলে পড়া সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের সিমলা গ্রামের সিমলা ডিগ্রি কলেজটি ইউনিয়নের শাহানগাছা এলাকায় স্থানান্তর করা হয়েছিল। কলেজটি পুনরায় সিমলায় স্থানান্তর করার জন্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। তবে সিমলা এলাকাটি নদীগর্ভে বিলীন হওয়ায় এই আদেশ বাস্তবায়ন করতে কলেজ কর্তৃপক্ষ বিপাকে পড়েছে।এলাকাবাসী ও কলেজ সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে সিমলায় কলেজটি প্রতিষ্ঠা করা হয়। যমুনার ভাঙনের কবলে পড়ায় ২০০৫ সালে কলেজের তৎকালীন সভাপতি জেলা প্রশাসকসহ কলেজ পরিচালনা পর্ষদের মতামতের ভিত্তিতে শাহানগাছায় কলেজটি স্থানান্তরের সিদ্ধান্ত হয়। শাহানগাছা গ্রামের আবুল কালাম কলেজটি শাহানগাছা গ্রামে স্থাপনের জন্য ২০০৫ সালে উচ্চ আদালতে রিট করেন। আদালত কলেজটি শাহানগাছায় স্থাপনের নির্দেশ দিলে কলেজটি সেখানে স্থাপন করা হয়। আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ উচ্চ আদালতের রায় খারিজ করে দেন। কিন্তু গত সাত বছর ধরে শাহানগাছা গ্রামেই কলেজের কার্যক্রম চলছে।২০১২ সালের শুরুর দিকে আবদুল মান্নান নামের এক ব্যক্তি কলেজটি সিমলায় স্থানান্তরের দাবিতে উচ্চ আদালতে রিট করেন। আদালত গত বছরের ১৬ জুলাই কলেজটি পুনরায় সিমলায় স্থানান্তরের আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক আমিনুল ইসলাম গত ১৪ নভেম্বর এক চিঠিতে ১০ দিনের মধ্যে কলেজটি শাহানগাছা থেকে সিমলা এলাকায় স্থানান্তরের জন্য অধ্যক্ষকে নির্দেশ দেন। এরপর কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভায় সিমলায় কলেজ স্থানান্তরের বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ জেলা প্রশাসকের কাছে বর্তমান প্রেক্ষাপটে কীভাবে কলেজটি সিমলায় স্থানান্তর করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা ও সহযোগিতা চেয়ে চিঠি দেন।অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, বর্তমানে কলেজের জায়গাটি নদীর মধ্যে। এ ছাড়া সিমলা মৌজা নদীগর্ভে বিলীন হওয়ায় এই মৌজার খাজনা নেওয়া বন্ধ আছে। বিষয়টি জানিয়ে জেলা প্রশাসকের কাছে সিদ্ধান্ত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।