সিরাজগঞ্জে কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি, তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে কালবৈশাখীতে গাছ চাঁপায় ও বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। প্রায় ৩০ মিনিট স্থায়ী ঝড়ে জেলার আট উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পড়ে গেছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। ঝড়ের সময় বজ্রপাতে জেলা শহরের ধানবান্ধি এলাকার ওমেলা (৬০) এবং বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের শামসুল হক (৩০) মারা গেছেন। এছাড়া বেলকুচি উপজেলায় গাছ চাঁপায় একজনের মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, তাড়াশ, বেলকুচি, শাহজাদপুর, সদর, উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ ও চৌহালী উপজেলায় আট শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। এ ছাড়া উপড়ে পড়েছে কয়েক হাজার গাছপালা।ঝড়ে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাচিলায় গাছ উপড়ে পড়ায় এ সড়ক দিয়ে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ছাড়া বেলকুচি উপজেলা সদরের আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয়ের সামনে একটি পাকুড়গাছ উপড়ে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় গাছ পড়ে শতাধিক কিলোমিটার বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। এর মধ্যে সিরাজগঞ্জ শহরের সার্কিট হাউস ও রানীগ্রাম এলাকায় পিডিবির ১১ কেভি লাইনের তার ছিঁড়ে গেছে। এ ছাড়া উপড়ে গেছে ৪০টি বৈদ্যুতিক খুঁটি।