সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ৬২ জন অসুস্থ, রেস্তোরাঁর ব্যবস্থাপককে লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জ শহরে একটি রেস্তোরাঁর খাবার খেয়ে জেলা স্কাউটের ৬২ সদস্য অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের এস এস রোডের হাজী নান্না বিরিয়ানি হাউসকে ওই জরিমানা করা হয়। সোমবার জেলা স্কাউটের কর্মশালায় এই রেস্তোরাঁ থেকেই দুপুরের খাবার সরবরাহ করা হয়েছিল। যা খেয়ে ৬২ জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। যার মধ্যে এখনো কয়েকজন হাসপাতালে রয়েছেন।
সোমবারের ওই ঘটনায় মঙ্গলবার হাজী নান্না বিরিয়ানি হাউসে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের সূত্র বলছে, সেখানে তাঁরা অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাদ্য পরিবেশনের প্রমাণ পেয়েছেন। যার কারণে ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক খলিলুর রহমানের কাছে থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সিরাজগঞ্জ জেলা স্কাউট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সেখানকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) সোমবার জেলা স্কাউটস সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুপুরের খাবার হিসেবে ওই রেস্তোরাঁ থেকে বিরিয়ানি আনা হয়।
আনোয়ার হোসেন বলেন, ওই বিরিয়ানি খাওয়ার পর বিকেল থেকে অনেকে অসুস্থ হয়ে পড়তে থাকেন। অনেকেরই বমি বমি ভাব হতে থাকে। রাতে ২৫ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পিটিআই ইনস্টিটিউট এর শিক্ষক কে এম সাহাবউদ্দীন, ফরিদ উদ্দীন, হুমায়ূন ইসলাম, রবিউল করিম, আরিফ চৌধুরী, শিহাব উদ্দীন, মোখলেছুর রহমান, মানিক সরকারের অবস্থা ‘গুরুতর’। বাকিদের চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোকন উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘তাঁরা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসা চলছে। অনেকেই চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। তবে যারা এখনো ভর্তি আছেন তাঁরাও আশঙ্কা মুক্ত।’
সিরাজগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মঙ্গলবার বিকেলে ওই রেস্তোরাঁয় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরিবেশ ও খাবারের নিম্নমান পরিলক্ষিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থাপককে এক লাখ টাকা জরিমানা করেছেন।