সিরাজগঞ্জে গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে হুমকি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপূর্ত বিভাগের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভাঙচুর এবং প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগে সাইদুল ইসলাম ওরফে এল বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, গতকাল দুপুরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢোকেন শহর ছাত্রলীগের আহ্বায়ক সাইদুল ও তাঁর সহযোগী রাশেদুল হাসান। তাঁদের না জানিয়ে দরপত্র আহ্বান করায় তাঁরা প্রকৌশলীকে হুমকি দেন। প্রকৌশলী কোনো দরপত্র আহ্বান করা হয়নি বলে জানালে ছাত্রলীগ নেতারা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারতে উদ্যত হন। একপর্যায়ে টেবিলের ওপরের কাচ ভাঙচুর করেন। হইচই শুনে কার্যালয়ের অন্যান্য কর্মচারী এগিয়ে এলে ছাত্রলীগ নেতারা গালাগাল করতে করতে চলে যান। পুলিশকে ঘটনা জানালে সাইদুলকে দিয়ার ধানগড়া মহল্লা থেকে আটক করা হয়। রাশেদুল পালিয়ে যান।নির্বাহী প্রকৌশলী মো. নূর ইসলাম বলেন, ‘ওই দুজন অন্যায়ভাবে আমার কক্ষে ঢুকে মিথ্যা অজুহাতে হুমকি-ধমকি দিতে থাকে। তারা আমার টেবিল ভাঙচুর করে।’সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী বাদী হয়ে দ্রুত বিচার আইনে থানায় মামলা করেছেন।এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান বলেন, শহর ছাত্রলীগের বর্তমান কমিটিতে সাইদুল ইসলাম বলে কেউই নেই। আগের কমিটিতে হয়তো তিনি ছিলেন।