সিরাজগঞ্জে গৃহবধূ খুন
সিরাজগঞ্জের পৌর এলাকার একডালা মহল্লায় পারুল খাতুন (১৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় তাঁর স্বামীসহ দুজনকে আটক করা হয়েছে।
গৃহবধূ পারুল একডালা মহল্লার হূদয় শেখের স্ত্রী ও কাটাওয়াপদা মল্লার আসাদ শেখের মেয়ে। গতকাল সকালে স্থানীয় লোকজন তাঁর লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গতকাল আসাদ শেখ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এক বছর আগে হূদয়ের সঙ্গে পারুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পারুলকে নির্যাতন করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে পারুলকে তাঁর স্বামী বেদম মারপিট করেন। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের মধ্যে রেখে তাঁরা পালিয়ে যান।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী হূদয় ও শ্বশুর আক্কাস আলীকে আটক করা হয়েছে।