সিরাজগঞ্জে গো-খাদ্যের স্বল্পতা, খামারিরা বিপাকে
বন্যার পানি সরে যাওয়ার পর সিরাজগঞ্জে গবাদিপশুর খাদ্যের স্বল্পতা দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় গো-খাদ্যের দাম বেড়েই চলেছে। ফলে জেলার প্রায় ছয় লাখ গৃহপালিত পশু ও লক্ষাধিক কোরবানির গরুর মালিক বিপাকে পড়েছেন।
খামার মালিক, মিল্ক ভিটা ও প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, চলতি বছর বন্যায় জেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটিই প্লাবিত হয়। এর ফলে বাড়িতে রাখা খড়ের গাদা পানিতে তলিয়ে যায়। শুধু শাহজাদপুর উপজেলায়ই ৩০০ গরুর বাথান ও তিন হাজার হেক্টর গোচারণ ভূমি পানিতে তলিয়ে যায়। এতে মাঠের কাঁচা ঘাস নষ্ট হয়। এ কারণে গো-খাদ্য হিসেবে কাঁচা ঘাসের পরিবর্তে শুকনো খাবার খড়, খৈল ও ভুসি দেওয়া হচ্ছে। এসব খাদ্যর চাহিদা বেড়ে যাওয়ায় কারণে খামার ও গরুর মালিকেরা গবাদিপশুকে পরিমাণমতো খাবার দিতে হিমশিম খাচ্ছেন। বন্যার পানি সরে যাওয়ার পর এখনো মাঠে ঘাস তৈরি হয়নি।
শাহজাদপুরের ব্রজবালা গ্রামের খামারি আবদুস সাত্তার ও দুলাল মিয়া বলেন, ওই এলাকার ৪০টি পরিবার দেশি, নেপালি, সংকরসহ বিভিন্ন জাতের গরু পালন করছে। বন্যার কারণে এলাকার কৃষিজমি পানিতে নিমজ্জিত হওয়ায় গবাদি পশুকে কাঁচা ঘাস দেওয়া যাচ্ছে না।
রেশমবাড়ী গ্রামের খামারি আবদুস ছামাদ ফকির বলেন, তাঁর গ্রামে সব মিলে প্রায় ২০০ খামারি গরু পালন করে জীবিকা নির্বাহ করেন। বন্যার শুরুতেই গো-খাদ্যের যে দাম বৃদ্ধি পেয়েছে তা এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। প্রতি বস্তা খেসারি ও ছোলার ভুসির দাম ২০০ টাকা করে বেড়েছে। প্রতি মণ খড় ৫০ টাকা বেড়ে বর্তমানে ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
শাহজাদপুরের গো-খাদ্য ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, গম ও ভুট্টার ভুসির দাম কমেছে। কিন্তু খেসারি ও ছোলার ভুসির দাম কিছুটা বেড়েছে। প্রতিবছর এই সময়ে একদিকে বন্যা, অন্যদিকে গরু মোটাতাজা করা চলতে থাকায় গো-খাদ্যের চাহিদা বাড়ে। এ কারণে কলের মালিকেরা ভুসির দাম কিছুটা বাড়িয়ে দেন।
শাহজাদপুর ও কামারখন্দ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস ছামাদ ও আবদুল হাই বলেন, এলাকাটি গো-সম্পদ হিসেবে পরিচিত। তা ছাড়া এ অঞ্চলে অনেক মৌসুমি খামারও রয়েছে। বন্যার কারণে গবাদি পশুপালন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সরকারিভাবে পশুর চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ বলেন, শাহজাদপুর গবাদিপশু সমৃদ্ধ এলাকা। এখানে গবাদি পশুর খামারে প্রায় ৭০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এই সম্পদকে টিকিয়ে রাখতে প্রাণিসম্পদ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।