সিরাজগঞ্জে গ্রেপ্তার ৪ 'জঙ্গি' নারী রিমান্ডে
সিরাজগঞ্জ শহরের একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার চার নারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মোর্শেদ আলম এ আদেশ দেন।
গত শনিবার রাত সাড়ে তিনটায় শহরের মাসুমপুর উত্তরপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি ককটেল, গ্রেনেড তৈরির উপকরণসহ অনেক জিহাদি বই উদ্ধার করে। এই চার নারী জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রওশন আলম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় দুটি মামলা করেন।
গত সোমবার এই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার উপপরিদর্শক এসআই আবু সাঈদ তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আজ এ আবেদনের ওপর শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গ্রেপ্তার চার নারী হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাহপুর গ্রামের নাদিরা তাবাসসুম (৩০), বগুড়ার শাজাহানপুর উপজেলার ক্ষুদ্রফুলকোট গ্রামের হাবিবা আক্তার (১৮), একই উপজেলার পরানবাড়িয়া গ্রামের রুমানা আক্তার (২১) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ দক্ষিণপাড়া গ্রামের রুনা বেগম (১৯)।
নাদিরার স্বামী মাহবুবুর রহমান, হাবিবার স্বামী খালিদ হাসান, রুমানার স্বামী সুজন আহমেদ এবং রুনার স্বামী মামরুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁরাও জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।