সিরাজগঞ্জে চতুর্থ বিষয় কম্পিউটারের নম্বর যোগ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের এসএসসি পরীক্ষার্থীদের মূল নম্বরের সঙ্গে এবার চতুর্থ (ঐচ্ছিক) বিষয় কম্পিউটারের নম্বর যোগ না হওয়ায় অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়া থেকে বঞ্চিত হয়েছে।
সিরাজগঞ্জের বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় কম্পিউটার বিষয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। সম্প্রতি চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলেও চতুর্থ বিষয় কম্পিউটারের নম্বর পরীক্ষার্থীদের মূল নম্বরের সঙ্গে যোগ করা হয়নি।
উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ছাত্রদের মধ্যে এস এম মেহেদী হাসান রোল নম্বর (১৪৯৫৭৯), ও মোস্তাফিজুর রহমান রোল নম্বর (১৪৯৫৯১) বলে, ‘বোর্ডের প্রশ্ন অনুযায়ী কম্পিউটার প্রশ্নে আমরা পরীক্ষা দিয়েছি। বোর্ড পরীক্ষাও গ্রহণ করেছে। উচ্চতর গণিত বিষয় যাদের ছিল, তাদের নম্বর দেওয়া হয়েছে। আমাদের বেলায় দেওয়া হয়নি। আমরা ফলাফলে ৪ দশমিক ৯৫ ও ৪ দশমিক ৯১ পেয়েছি। যদি ঐচ্ছিক বিষয়ের নম্বর যোগ হতো, তাহলে আমরা জিপিএ-৫ পেতাম। কারণ, চতুর্থ বিষয় থেকে ৪০ নম্বরের পর যে নম্বর পাওয়া যাবে, সেটি মূল নম্বরের সঙ্গে যোগ দেওয়া হয়।’
এ বিষয়ে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মজিদ বলেন, ‘কম্পিউটার বিষয়ে তাঁর বিদ্যালয়ে ১২ জন পরীক্ষার্থী ছিল। কিন্তু মূল নম্বরের সঙ্গে এর নম্বর যোগ হয়নি। যদি যোগ হতো, তাহলে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়ে যেত। এই সমস্যা শুধু আমার বিদ্যালয়েই নয়, যেসব পরীক্ষার্থী চতুর্থ বিষয়ে কম্পিউটার নিয়েছে, তারাই নম্বরপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ থেকে তাদের নম্বর দেওয়া হয়নি।’
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, ‘বিষয়টি আমি জানি না। বোর্ডের কম্পিউটার বিভাগ বিষয়টি নিয়ন্ত্রণ করে। কাল (আজ রোববার) অফিসে গিয়ে তথ্য জানার পর এ বিষয়ে জানানো যাবে।