সিরাজগঞ্জে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
সিরাজগঞ্জে গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদকে মারধর করার জের ধরে সিরাজগঞ্জ বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘট আহ্বান করে।শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবদুল মজিদ শহরের এসআই নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের বাস কাউন্টারে বসে টিভিতে খবর দেখছিলেন। এ সময় শহরের দিয়ারধানগড়া গ্রামের হযরত আলী তাঁকে মারধর করে চলে যান। এ ঘটনার প্রতিবাদে জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যালয়ে ওই রাতেই শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির যৌথসভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সিরাজগঞ্জ থানায় হযরত আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আসামিকে আটক না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে। ধর্মঘটের কারণে সিরাজগঞ্জ জেলা থেকে সব সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।