সিরাজগঞ্জে চিকিৎসক ও নার্সের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও নার্সের ‘খাদ্যে বিষক্রিয়ায়’ মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে। গতকাল সোমবার রাতে সিরাজগঞ্জ সিভিল সার্জন শেখ মো. মনজুর রহমানের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক উদয় নারায়ণ মোহন্ত প্রতিবেদনটি জমা দেন। তবে প্রতিবেদনে কী আছে, তা প্রকাশ করা হয়নি। 


গত ২৫ এপ্রিল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান এবং নার্স জোবেদা খাতুন মারা যান।

তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান উদয় নারায়ণ মোহন্ত এবং কমিটির সদস্য মো. আকরামুজ্জামান বলেন, এ ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও উপস্থিত ব্যক্তিসহ ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁদের দেওয়া তথ্য এবং ঘটনাস্থল পরিদর্শন করার পর বিস্তারিত উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। কমিটির আরেক সদস্য হলেন সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মো. শাহজাহান আলী।

সিরাজগঞ্জের সিভিল সার্জন শেখ মনজুর রহমান তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় মামলা হওয়ায় তিনি প্রতিবেদন বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি। তিনি বলেন, এ ঘটনায় অন্যান্য সংস্থা আরও তদন্ত করবে। আর খাদ্যসংশ্লিষ্ট ঘটনায় (বিষক্রিয়াজনিত) মৃত্যু হওয়ায় ঢাকায় পাঠানো খাদ্য নমুনার রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল দুপুরে স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান, সিনিয়র নার্স জোবেদা খাতুন ও প্রধান সহকারী আলমগীর হোসেন স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে দুপুরের খাবার খান। খাবার খেয়ে তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তা ও নার্স মারা যান। আলমগীর বর্তমানে সুস্থ আছেন। এ ঘটনা তদন্তে সিরাজগঞ্জের সিভিল সার্জন তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন।