সিরাজগঞ্জে চেয়ারম্যান হত্যা মামলায় চার ব্যক্তির যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়া উপজেলার কৈবর্ত গাড়ি গ্রামের আমিনুল ইসলাম, চরবর্ধনগাছা গ্রামের নবাব আলী, বংকিরাট গ্রামের জহির উদ্দিন ও মোতালেব শাহ।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০০৬ সালের ২৪ জানুয়ারি সন্ধ্যায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বংকিরাট গ্রামের সাইফুল ইসলামকে আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে লাশ মোহনপুর রেলস্টেশনের ২ নম্বর রেলগেট এলাকায় ফেলে রাখে।