সিরাজগঞ্জে চোলাই মদ পান করে চার ব্যক্তির মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে গত মঙ্গলবার রাতে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। চোলাই মদ পানের পর বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় মদের ব্যবসায়ীকে গ্রেপ্তার ও এক হাজার ১১৪ লিটার মদ জব্দ করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, শাহজাদপুর রিকশাচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী এবং বাগদীপাড়া মহল্লার পরিচ্ছন্নতাকর্মী চণ্ড্রি রায়, তপন রায় ও জ্যোতিষ রায়। গুরুতর অসুস্থ বাগদীপাড়ার মনোকে সিরাজগঞ্জ এবং শেরখালী মহল্লার বাবুকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ওয়াজেদ আলীর কাছ থেকে টাকা নিয়ে চণ্ড্রি উল্লাপাড়া উপজেলার লাহিড়ি মোহনপুর বাজারের নবকুমারের দোকান থেকে মদ কেনেন। পরে ছয়জন মিলে তা পান করেন। মদের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ওসি আরও জানান, নবকুমারকে গ্রেপ্তার ও তাঁর দোকান থেকে এক হাজার ১১৪ লিটার মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। শাহজাদপুর থানা ও মারা যাওয়া ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরের দিকে উল্লিখিত ছয় ব্যক্তি একসঙ্গে চোলাই মদ পান করেন। বেলা দুইটার দিকে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পর পেটের পীড়ায় আক্রান্ত হন। পরের দিন মঙ্গলবার তাঁদের পেটের পীড়া বাড়তে থাকে। রাত ১২টার দিকে শ্রমিকনেতা ওয়াজেদ মিয়ার অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান জ্যোতিষ। আর তপন ও চণ্ড্রি রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। তপনের নিকটাত্মীয় সুনীল রায় জানান, মদ খেয়ে বাড়িতে আসার পর তপন পেটে পীড়া অনুভব করেন। এ অবস্থায় তিনি বাড়িতেই শুয়ে থাকেন। পরের দিন রাতে অবস্থা গুরুতর হলে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। খবর পেয়ে গতকাল বুধবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান, শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী হাসান ও ওসি মতিয়ার রহমান মৃত চার ব্যক্তির বাড়ি পরিদর্শন করেন।