সিরাজগঞ্জে ছাত্রদলের কর্মিসভায় সংঘর্ষ কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি গত বুধবার ভেঙে দেওয়া হয়েছে। শহরের হাটিকুমরুলের একটি হোটেলে আয়োজিত কর্মিসভায় দুই পক্ষের সংঘর্ষের পর একই স্থানে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ ও জেলা ছাত্রদলের সভাপতি মির্জা মোস্তফা জামানের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বুধবার হাটিকুমরুলের একটি হোটেলে জরুরি কর্মিসভার আয়োজন করা হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান যোগ দেন। বেলা ১১টার দিকে মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে জেলা ছাত্রদলের একটি দল কর্মিসভায় যোগ দেয়। পরে ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে অপর একটি দল সভায় আসে।পুলিশ জানায়, জেলা বিএনপির সভাপতি বক্তব্য শুরু করলে জেলা ছাত্রদলের সভাপতির সমর্থকেরা এতে বাধা দেন। এ সময় বিএনপির সভাপতির সমর্থকেরা প্রতিবাদ করলে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ ১৫ নেতা-কর্মী আহত হন। সংঘর্ষের পর বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হোটেলে পুনরায় সভা করেন। সভায় জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়।