পুলিশ সদস্যসহ আহত ৫০, ফাঁকা গুলি
সিরাজগঞ্জে ছাত্রদলের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ
সিরাজগঞ্জ শহরে গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। দফায় দফায় এ সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০টি ফাঁকা গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের ৩২টি শেল নিক্ষেপ করে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ও বিএনপির নেতা আহাম্মদ হোসেনের হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে ইলিয়ট ব্রিজের কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় এস এস রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢিল পড়লে সেখানে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা বেরিয়ে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ত্রিমুখী এ সংঘর্ষ শহরের ইবি রোড, কলেজ রোড, ২ নম্বর খলিফাপট্টি, কলেজ অডিটরিয়াম রোডে ছড়িয়ে পড়ে।