সিরাজগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষে আহত ৫০
সিরাজগঞ্জ সরকারি কলেজে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের ২৬টি শেল ছোড়ে। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল পরস্পরকে দায়ী করেছে। জানা গেছে, নতুন ধারার (সৃজনশীল পদ্ধতি) প্রশ্নে সম্মান প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা নিয়ে গতকাল সকাল ১০টার দিকে ছাত্রদের সঙ্গে কলেজের শিক্ষকদের বাগিবতণ্ডা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হক ও ছাত্রদলের নেতা নিবির হোসেন কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে তাঁর সঙ্গে তর্ক শুরু করেন। তখন কলেজ ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের ওই দুই নেতাকে ধাওয়া করেন। নিরাপত্তার জন্য তাঁদের দুজনকে একটি কক্ষে রাখেন শিক্ষকেরা।ছাত্রদলের দুই নেতাকে কলেজে আটকে রাখা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকতে চাইলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। কিন্তু একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটেন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকে মিলকে ছাড়িয়ে নেন। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে ঢুকলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা পিছু হটে কলেজ ক্যাম্পাসের বাইরে ফজল খাঁ সড়কে অবস্থান নেন। এরপর উভয় পক্ষে দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আলিয়া মাদ্রাসা সড়ক ও ইবি সড়কেও। এ সময় ওই সব সড়কের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ, ছাত্রলীগের কর্মী ইউসুফ, জুয়েল, শোভন, আজিজুল, সোহেল, সালমান, তপু, রকি, মাখন, খোকা, লিমন, বকুল, রাজু এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ, ছাত্রদলের কর্মী সাদ্দাম, রাকেশ, জীবন, মুসা, পাপ্পু, সাপু, আলিম, শুভ, জহুরুল, রোকন, তুষার, তন্ময়, রায়হান, চঞ্চলসহ উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। আহত কর্মীদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন অভিযোগ করেন, ‘ছাত্রদলের দুই সন্ত্রাসী অধ্যক্ষের কক্ষে ঢুকে তাঁকে গালাগাল করে এবং কলেজের জানালা ভাঙচুর করায় শিক্ষক ও সাধারণ ছাত্ররা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই ছাত্রদলের সন্ত্রাসীরা ক্যাম্পাসে ঢুকে আমাদের ওপর হামলা চালায়।’ তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের পাল্টা অভিযোগ, সরকারি কলেজের ছাত্র ছাত্রদলের নেতা মিলন ও নিবিরকে ছাত্রলীগের ক্যাডাররা মারধর করে আটকে রাখে। তাঁদের ছাড়িয়ে আনার জন্য বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজে গেলে ছাত্রলীগের ক্যাডাররা তাঁদের ওপর হামলা করে।কলেজের অধ্যক্ষ এস আই রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘সৃজনশীল নতুন ধারার প্রশ্নে পরীক্ষা নেওয়ার জন্য আমরা শিক্ষার্থীদের কয়েক দিন ক্লাস করার জন্য বলেছিলাম। কিন্তু কিছু শিক্ষার্থী ক্লাস করতে রাজি না হয়ে এই ধারা বাতিলের জন্য বলে। এ ঘটনায় অন্য ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বিষয়টি দলীয় রূপ নেয়।’সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।