সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গত রোববার রাত নয়টার দিকে শহরের ভিক্টোরিয়া সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হচ্ছেন ইউসুফ (২০), মুন্না (২১), রসিদ (২০), স্বপন (২২), সহিদ (২০) ও রসিদুল (১৯)।পুলিশ জানায়, রাত নয়টার দিকে ভিক্টোরিয়া এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামানের লোকজনকে দত্তবাড়ী এলাকার ছাত্রলীগের একাংশের কর্মীরা ধাওয়া করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইট-পাটকেল নিক্ষেপ, লাঠি, রামদা ও কাচের বোতলসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। সংঘর্ষ ভিক্টোরিয়া স্কুল থেকে দত্তবাড়ী মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে সদর থানা পুলিশ গিয়ে শর্টগানের ২৪টি গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকি ৎ সা নিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ আলম বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে জেলা কমিটির নেতাদের সঙ্গে বিদ্রোহী পক্ষের দ্বন্দ্বের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শর্টগানের ২৪টি গুলি ছুড়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গত শুক্রবার জেলা ছাত্রলীগ সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করে। আরাফাত রহমানকে কমিটির সভাপতি ও মণ্ডল মো. শামীম রেজাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটিতে যোগ্য নেতারা বাদ পড়েছেন—এই অভিযোগ করে জেলা ছাত্রলীগের একটি পক্ষ কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছে। এ নিয়ে গত শনিবার রাতেও উভয় পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হন।