সিরাজগঞ্জে ছাত্রলীগের সম্মেলন পণ্ড
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। ভুয়া কাউন্সিলর অন্তর্ভুক্তিসহ বিভিন্ন অভিযোগের কারণে হট্টগোল সৃষ্টি হওয়ায় কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা না করে বুধবার রাতেই সম্মেলনস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা শহরে একাধিক বিক্ষোভ মিছিল করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ছয় বছর পর গত বুধবার দুপুরে শহীদ মনসুর আলী মিলনায়তনে জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হাসান মাহমুদ। সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের সমঝোতায় পৌঁছানোর অনুরোধ করেন। এতে কাজ না হওয়ায় ভোটের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। রাতে সাধারণ সম্পাদক প্রার্থী বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম ভুয়া কাউন্সিলর বাতিলের দাবি জানালে হট্টগোল শুরু হয়। পরে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থল ত্যাগ করে রাজশাহীর উদ্দেশে রওনা হয়ে যান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান জানান, শান্তিপূর্ণ সম্মেলনটি পূর্বপরিকল্পিতভাবে পণ্ড করা হয়েছে। তিনি সরাসরি ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।