সিরাজগঞ্জে ছাত্রলীগের হামলায় বিএনপির তিন নেতা আহত
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী বাজারে শ্রমিক দলের পরিচিতিমূলক অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে বিএনপির কয়েকজন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হাসান (৪৫), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান (৪২) ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হেল কাফি ওরফে খোকন (৩৮) আহত হয়েছেন। তাঁদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজার অভিযোগ, সুষ্ঠুভাবে শ্রমিক দলের পরিচিতি সভার আয়োজন করা হয়। নিষেধ করা হলে সবাই সভাস্থল থেকে বাড়ি চলে যায়। কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়া ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকনের বাড়িতে হামলা চালায়।তবে জিয়া ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির নেতা-কর্মীরা শ্রমিক দলের পরিচিতি অনুষ্ঠানের ব্যানারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। টের পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্থানীয় লোকজনের সঙ্গে একজোট হয়ে তা প্রতিহত করেন।কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার রায় হামলার কথা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।