সিরাজগঞ্জে ছাত্রীর আত্মহত্যা, বখাটের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে আইরিন আক্তার আশা নামের ঢাকা সিটি কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। আশার পরিবারের অভিযোগ, জিহান আহমদ নামের এক বখাটে তাঁকে অপহরণ করেন। পরে বিষয়টি জানাজানি হওয়ায় আশা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আশার বাবা বাদী হয়ে গতকাল সোমবার সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। এজাহারের বিবরণ অনুযায়ী, সিরাজগঞ্জ পৌর এলাকার মালসাপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনোয়ার হোসেনের মেয়ে আইরিন আক্তারকে একই এলাকার জেলা যুবলীগের সদস্য সাগর আহমেদ ও সাবেক পৌর কাউন্সিলর শিরিন আক্তারের বখাটে ছেলে জিহান আহমদ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে আইরিনের বাবা তাঁকে ঢাকা সিটি কলেজে ভর্তি করান। আইরিন ঢাকার পান্থপথ এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। এর পরও বখাটেরা ঢাকায় গিয়ে আশাকে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে গত শুক্রবার জিহান দলবল নিয়ে ঢাকার বাসা থেকে আশাকে অপহরণ করে তাঁর সিরাজগঞ্জের বাড়িতে আটকে রাখেন। বিষয়টি জানাজানি হওয়ার পর আইরিনের আত্মীয়স্বজন এলাকাবাসীর সহায়তায় ওই দিন দিবাগত রাত তিনটার দিকে জিহানের বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশা তাঁর কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যার চেষ্টা চালান। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গত রোববার দিবাগত রাতে আইরিনের মৃত্যু হয়। গতকাল সকালে তাঁর লাশ মালসাপাড়ার বাড়িতে আনা হয়।আশার বাবা আনোয়ার হোসেন বলেন, জিহান ও তার সহযোগীরা নানা রকম ভয়ভীতি দেখিয়ে তাঁর মেয়েকে ঢাকা থেকে অপহরণ করে নিয়ে আসে। বিষয়টি জানাজানি হওয়ায় মনের দুঃখে তাঁর মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এক বছর আগে আইরিনকে এরা ঢাকা থেকে আরও একবার অপহরণ করেছিল। মান-সম্মানের ভয়ে বিষয়টি কাউকে জানানো হয়নি।এ ব্যাপারে জিহান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। তবে জিহানের কয়েকজন বন্ধু দাবি করেন, আইরিনের সঙ্গে জিহানের সম্পর্ক ছিল। আইরিনের ওপর তাঁর বাড়ির লোকজন মানসিক চাপ সৃষ্টি করায় তিনি আত্মহত্যা করেছেন।মামলা হওয়ার কথা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।