সিরাজগঞ্জে ছিনতাই হওয়া পাটবোঝাই ট্রাক জীবননগরে উদ্ধার
সিরাজগঞ্জ থেকে ৩০০ মণ পাটসহ ছিনতাই হওয়া একটি ট্রাক চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ উদ্ধার করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের দত্তনগর সড়কে আমিন হোসেনের আড়তের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ঘটনার হোতা ফয়সাল আহমেদসহ ছিনতাইকারী চক্রের কোনো সদস্যকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাজারের পাট ব্যবসায়ী এমদাদুল হকের আড়ত থেকে ৩০০ মণ পাট নিয়ে একটি ট্রাক ৪ অক্টোবর নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি সিরাজগঞ্জে পৌঁছালে চালক কামাল হোসেন ও সহকারী জুয়েল রানাকে জিম্মি করে ট্রাকটি চুয়াডাঙ্গার পথে নেয় দুর্বৃত্তরা। চালক ও সহকারীকে পথিমধ্যে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে পাটভর্তি ট্রাকটি জীবননগর বাজারের পাট ব্যবসায়ী আমিন হোসেনের আড়তের সামনে এসে দাঁড়ায়। স্থানীয় আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত ফরহাদ আহমেদের ছেলে ছাত্রলীগের সমর্থক ফয়সাল আহমেদ জীবননগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজাকে নিয়ে ট্রাক থেকে পাট নামাতে শ্রমিক খুঁজতে থাকেন। সন্দেহ দেখা দিলে শ্রমিকেরা পাট নামাতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি জানাজানি হলে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) মতলেবুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই ছাত্রলীগের দুই নেতাই সরে পড়েন। পরে পুলিশ পাটভর্তি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে থানায় নিয়ে যায়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নিজেই পুলিশকে খবর দিয়ে পাটভর্তি ট্রাক আটকে সহযোগিতা করেছি। তা ছাড়া ফয়সাল ছাত্রলীগের কেউ নয়।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, প্রধান সন্দেহভাজন ফয়সাল আহমেদকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।