সিরাজগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন ব্যক্তি নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। গত সোমবার এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের বামন গাঁ গ্রামের আলমগীর খাঁ (৪৫) ও তাঁর পক্ষের সৈয়দ আলী খাঁ (৩৫) এবং প্রতিপক্ষ শামসুল ইসলাম খাঁ (৪৫)। নিহতরা পরস্পর আত্মীয়।বেলকুচি থানা পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আলমগীর খাঁ ও শামসুল ইসলাম খাঁর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে শামসুল বিরোধপূর্ণ জমিতে কলাই বপন করেন। সোমবার সকালে আলমগীর তাঁর লোকজনকে নিয়ে একই জমিতে পাল্টাপাল্টি চাষ করতে যান। এ সময় শামসুল তাঁর দলবল নিয়ে তাঁদের বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় ফালা ও বল্লমের আঘাতে ঘটনাস্থলেই আলমগীর নিহত হন। আহত হন কমপক্ষে চারজন।আহত ব্যক্তিরা হলেন: শাহাদৎ হোসেন (৪৭), মনিরুজ্জামান (৫৫), সিরাজুল (২৫) ও আনোয়ার হোসেন (২২)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্ির্ত করা হয়েছে। এঁদের মধ্যে শাহাদৎ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় বেলকুচি উপজেলা হাসপাতালে নেওয়া পর সৈয়দ আলী খাঁ ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামসুল ইসলাম খাঁ মারা যান।ওই ঘটনায় সৈয়দ আলী খাঁর ভাই আব্দুল্লাহ হক ওরফে বাবলু বেলকুচি থানায় একটি মামলা করেছেন। বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন: সেরাজুল হক খান, আনোয়ার হোসেন খান, আব্দুল করিম খান, আব্দুল কুদ্দুস খান।