সিরাজগঞ্জে জমির ইজারা বাতিলের দাবি ভূমিহীনদের
সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়া ভিটা গ্রামের খাসজমির ইজারা বাতিলের দাবিতে এলাকার ভূমিহীনেরা মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তাঁরা ওই জমিতে এসব কর্মসূচি পালন করেন। ভূমিহীনেরা অভিযোগ করেন, ৪০ বছর ধরে ওই এলাকার ২৬ জন ভূমিহীন দুই একর জমি কাজে লাগাচ্ছেন। গোপনে এ জমি ১১ জনকে ভূমি অফিস থেকে ইজারা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল ভূমি অফিসের কর্মকর্তারা জমির ইজারা গ্রহীতাদের বুঝিয়ে দিতে গেলে ভূমিহীন পরিবারের অর্ধশতাধিক সদস্য লাঠিসোটা নিয়ে তা প্রতিরোধ করতে যান। এ সময় অবস্থা বেগতিক দেখে কর্মকর্তারা চলে যান। এরপর ভূমিহীনেরা ওই জমির ওপর মানববন্ধন গড়ে তোলেন। পরে তাঁরা সেখানে মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন রওশন, মালেক, আলম, শাহ আলম, কুদ্দুস, মিজান, হানিফ, রাশিদা প্রমুখ। সিরাজগঞ্জ সদর ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আবদুল হামিদ জানান, অনেক আগেই ভূমিহীন মুক্তিযোদ্ধাদের নামে ওই জমি ইজারা দেওয়া হয়েছে। মঙ্গলবার ভূমি অফিসের কর্মকর্তারা এ জমি বুঝিয়ে দিতে গেলে অপর ভূমিহীন ও স্থানীয় জনগণ তাতে বাধা দেন। পরে কর্মকর্তারা ফিরে আসেন।