সিরাজগঞ্জে জাতীয় পার্টির কার্যালয় দখলের অভিযোগ!
সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা সড়কে অবস্থিত সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির (এরশাদ অংশ) কার্যালয় জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার এ ঘটনা ঘটে।থানার পুলিশ ও জমির মালিক দাবিদার পক্ষের সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির কার্যালয়টি বাহিরগোলা সড়কে দশমিক ৭৫ শতাংশ জমির ওপর অবস্থিত। ওই জমির মালিকানা দাবি করেছেন দুজন। তাঁরা হলেন সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহমদ এবং তাঁর ভাতিজা মো. তরিকুল ইসলাম ওরফে পুলক। তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘এই জায়গাটি ফারুক আহমদ নিজের আয়ত্তে রাখার জন্য রাজনৈতিকভাবে অফিস করে দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন। দখল বুঝিয়ে না দেওয়ায় এ বিষয়ে আমি আদালতে মামলা করি। পরে তিনি জায়গাটি বুঝিয়ে দেবেন মর্মে আদালতে মুচলেকা দিলে আমি মামলা প্রত্যাহার করে নিই। এরপর দীর্ঘ চার বছর অতিবাহিত হলেও তিনি জায়গা বুঝিয়ে দেননি। এ কারণে জায়গাটি পাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করলে তারা দখলে যাওয়ার জন্য আমাকে অনুমতি দেয়। আমি শনিবার সকালে লোকজন নিয়ে দখলে গিয়েছি। এই জমির প্রয়োজনীয় সব কাগজপত্র আমার কাছে আছে।’জাতীয় পার্টির নেতা মির্জা ফারুক আহমদ বলেন, জাতীয় পার্টির কার্যালয় তাঁদের পৈতৃক সম্পত্তিতে করা হয়েছে। ১৯৯০ সাল থেকে এই জমিতে জাতীয় পার্টির কার্যক্রম চলছে। তিনি অভিযোগ করে বলেন, ‘সকালে আমার ভাতিজা পুলক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অফিসে হামলা করে ব্যাপক ভাঙচুর করে তালা লাগিয়ে চলে যায়। এই জায়গার প্রকৃত মালিক আমার ছেলে। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, ‘চাচা ও ভাতিজার মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছে। দুজনকেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে মীমাংসা করার পর ওই স্থানে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’