সিরাজগঞ্জে জামিন নিয়ে বিচারকের সঙ্গে অশোভন আচরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে জামিন না দেওয়ায় বিচারকের সঙ্গে আসামিপক্ষের আইনজীবীদের অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এতে বিচারক ক্ষুব্ধ হয়ে এজলাস ত্যাগ করেন। এ সময় আইনজীবীরা আসামিদের নিয়ে আদালত কক্ষ ত্যাগ করেন এবং আদালত বর্জনের ঘোষণা দেন। পরে সমঝোতার মাধ্যমে আসামিদের জামিন মঞ্জুর করা হয়।আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নীলা কর্মকারের আদালতে গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে একটি চুরি মামলার শুনানি চলছিল। আসামি আবদুল বারী, মোখলেছ আলী, শাপলা খাতুন ও সাথী খাতুন এ মামলায় জামিনের আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক শাপলা খাতুন ও সাথী খাতুনের জামিন মঞ্জুর এবং আবদুল বারী ও মোখলেছের জামিন নামঞ্জুর করেন। দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করায় আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিচারককে উদ্দেশ করে অশোভন কথা বলেন। পরে মুখ্য বিচারিক হাকিম ও আইনজীবীদের মধ্যে সমঝোতা হলে দুই আসামির জামিন মঞ্জুর করা হয়। এপিপি ওয়ছকুরুনী বলেন, আসামি আবদুল বারী কিডনি রোগে ভুগছেন। তা ছাড়া আইনজীবী সমিতির কর্মকর্তারা আদালত বর্জনের ঘোষণা দিয়েছিলেন। এ অবস্থায় বিচারকদের সঙ্গে বসে পুনরায় জামিন করানো হয়েছে।জেলা আইনজীবী সমিতির সভাপতি ইসমাইল হোসেন বলেন, সামান্য ঘটনা ঘটেছিল, পরে আলাপ-আলোচনা করে মীমাংসা করা হয়েছে।আদালতের উপপরিদর্শক (সিএসআই) মন্নাথ বলেন, আসামিরা হাতকড়া পরা অবস্থায় ছিলেন না। বিচারক জামিন নামঞ্জুর করায় আইনজীবীরা আসামিদের উকিল বার অফিসে নিয়ে যান।