সিরাজগঞ্জে জুয়া-মাদকে জড়িত ছয়জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলা ও মাদকদ্রব্য (গাঁজা) বহনের দায়ে ছয়জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত আজমেরী হক সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের সজীব উদ্দিন তালুকদার (২৯), রূপাখাড়া গ্রামের মাসুদ রানা (২৭), গোতিথা গ্রামের জাকির হোসেন তালুকদার (২৬), শ্রীরামপুর গ্রামের আফসার আলী প্রামাণিক (৫৫), নিমগাছী গ্রামের শফিকুল ইসলাম (৩৮) ও ভূইয়ট গ্রামের আবদুল হান্নান (৩৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০–এর ২২–এর খ এবং বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৮–এর ৪ ধারা মোতাবেক এ শাস্তি দেওয়া হয়। র‍্যাব–১২–এর সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।