সিরাজগঞ্জে জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও অস্ত্র প্রশিক্ষক আশিফুল ইসলামকে (২৫) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৫-এর বিচারক আশিফুল খবির এই রায় দেন। 
আশিফুল ইসলাম কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাবাড়ি গ্রামের সাহেদুর আলীর ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৯ মার্চ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিরাজগঞ্জের একটি বিশেষ টহল দল বাহাদুরপুর মোল্লাবাড়ি গ্রাম থেকে ২১৫ পাতার জিহাদি বইসহ আশিফুল ইসলামকে আটক করে। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ২০১১ সালের ১০ মার্চ র‌্যাব-১২ ও পুলিশের একটি যৌথ দল সিরাজগঞ্জের কাজীপুর থানার দুর্গম চরাঞ্চল চর-ভুরুঙ্গিতে জেএমবির একটি অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি রাইফেল, আটটি গুলি, আটটি তাজা বোমা ও রাবার বুলেট উদ্ধার করে অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্রটি গুঁড়িয়ে দেয়। পরে ওই দিনই এ বিষয়ে সিরাজগঞ্জের কাজীপুর থানায় র‌্যাব সদস্য বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৫-এর বিচারক আশিফুল খবির এ রায় দেন।