সিরাজগঞ্জে জেএমবির চার নারী সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ থেকে চার নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম বড়ইতলা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ওই নারীরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)সদস্য।
গ্রেপ্তার নারীরা হলেন ফুলেরা খাতুন (৪৫) ও তাঁর দুই মেয়ে সাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং তাঁদের প্রতিবেশী রাজিয়া (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ফুলেরা খাতুনের ছেলে ফরিদুল ইসলাম জেএমবির উচ্চপর্যায়ের নেতা। গত বছরের অক্টোবরে উল্লাপাড়ায় জেএমবির বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যে ফরিদুলের নাম বেরিয়ে আসে। এরপর থেকে ফরিদুল ও তাঁর বাবা আবু সাঈদ পলাতক রয়েছেন। একপর্যায়ে পুলিশ খবর পায়, ফরিদুলের পরিবারের অন্য সদস্যরাও জেএমবির সঙ্গে জড়িত। তাঁদের বাড়িতে বিভিন্ন সময়ে নানা ধরনের লোকজন আসে। গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়িতে রোববার দিবাগত রাত তিনটার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দুজন পালিয়ে যায়। বাড়ি থেকে কিছু বই ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।
গতকাল সোমবার দুপুরে ওই চার নারীকে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করে ডিবি। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চারজন জানিয়েছেন, তাঁরা জেএমবির আত্মঘাতী শাখার সদস্য। একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তাঁরা দিয়েছেন। সেগুলো আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
সিরাজগঞ্জের এসপি মো. মিরাজ উদ্দীন আহমেদ জানান, এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।