সিরাজগঞ্জে জেএমবির দুই সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জ থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ফুলজোড় গ্রামের একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবপুর উপজেলার সগুনখোলা গ্রামের মোহতাসিম বিল্লাহ (২৫) ও তাঁর সহযোগী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তামাড়িপাড়া গ্রামের মো. আল আমিন হোসেন (২০)। মোহতাসিম জেএমবির কারাবন্দী আমির মাওলানা সাইদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী। সিরাজগঞ্জ র্যাব-১২ কোম্পানি অধিনায়ক মোহাম্মদ শহিদুল্লাহ প্রথম আলোকে জানান, মোহতাসিম ও আল আমিনকে গ্রেপ্তারের পর ফুলজোড় গ্রামের ওই বাড়ি থেকে জেএমবির বিপুল পরিমাণ সাংগঠনিক বই, সিডি, লিফলেট, বিস্ফোরক দ্রব্য ও বিস্ফোরক তৈরি ও ব্যবহারবিষয়ক নথিপত্র, প্রশিক্ষণ পরিকল্পনার নথিপত্র উদ্ধার করা হয়।