সিরাজগঞ্জে জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে শ্রমিক নেতা মো. নাসির উদ্দীন ও যুবলীগের কর্মী শাকিল আহমেদ ওরফে টিক্কা হত্যা মামলার প্রধান আসামি আবদুস ছাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুরের বিরল উপজেলার কান্দিরপাড়া গ্রাম থেকে গত শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।শুক্রবার বেলা সাড়ে তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় তাঁকে। ছাত্তারকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়লে নাসির উদ্দীনের নিজ বাড়ি সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে এসে ছাত্তারের ফাঁসির দাবিতে মিছিল বের করে।পুলিশ সূত্রে জানা গেছে, বালুমহালের দখল নিয়ে বিরোধের জের ধরে ২ সেপ্টেম্বর আবদুস ছাত্তার ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাজশাহী বিভাগীয় পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ও তাঁর শ্যালক যুবলীগের কর্মী শাকিল আহমেদকে হত্যা করে। ওই দিনই ছাত্তারকে প্রধান আসামি করে অর্ধশতাধিক লোকের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করা হয়। পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, কিছুদিন আগে বিরল উপজেলার কান্দিরপাড়া এলাকা দিয়ে ছাত্তার ভারতে পালিয়ে যাওয়ার জন্য স্থানীয় লোকজনকে টাকা দেয়। এ খবর পেয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা শুক্রবার ভোর চারটা ২০ মিনিটে ওই এলাকার একটি বাড়ি থেকে ছাত্তারকে গ্রেপ্তার করে।পুলিশ সুপার জানান, ছাত্তারকে সিরাজগঞ্জে নিয়ে আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনার সঙ্গে জেলাসহ অন্য জেলার আসামি রয়েছে। এ ছাড়া তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করা যাচ্ছে না। তাঁকে আদালতে হাজির করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।