সিরাজগঞ্জে টাকা ছাড় করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বেতিল-আজুগড়া পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ স্পার বাঁধ নির্মাণের পর ১৭ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত জমি অধিগ্রহণের টাকা হাতে পাননি জমির মালিকেরা। ওই টাকার দাবিতে গতকাল শনিবার জমির মালিক ও স্বজনেরা বাঁধের ওপরই মানববন্ধন করেছেন।

মানববন্ধন থেকে চলতি অর্থবছরের মধ্যে তাঁদের পাওনা টাকা পরিশোধ করা না হলে ভুক্তভোগীরা পাউবোর বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বাঁধ এলাকায় গতকাল সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার কয়েক শ নারী-পুরুষ, কিশোর-কিশোরী অংশ নেয়। কর্মসূচি চলার সময় জমির মালিকদের মধ্যে বক্তব্য দেন হাজী আবদুল কুদ্দুস, জমির মালিক আবদুল হালিম, আবদুল হাকিমসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সিরাজগঞ্জ পাউবো যমুনা নদীর ভাঙন রোধে ২০০০-০১ অর্থবছরে ৩৯ কোটি টাকা ব্যয়ে বেতিল-আজুগড়া পর্যন্ত এক কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ স্পার বাঁধ এলাকাবাসীর জমির ওপর নির্মাণ করে। এরপর ১৭ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত জমির টাকা পরিশোধ করা হয়নি। অনেক অসহায় পরিবার অন্যের জায়গায় আশ্রয় নিয়ে মানবতার জীবনযাপন করছে। পাউবোর কর্মকর্তাদের বিশ্বাস করে ওই জমি দেওয়া হয়েছে। এখন এই জমির টাকা চাইতে গেলে তারা খারাপ ব্যবহার করে এবং মোটা অঙ্কের ঘুষ দাবি করে। তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, হয় জমি অধিগ্রহণের টাকা পরিশোধ করবেন, নতুবা বাঁধ কেটে জায়গা ফিরিয়ে দেবেন।

এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, ‘যে সময় এই স্পার বাঁধের কাজ করা হয়, তখন প্রকল্পের মাধ্যমে করা হয়। ওই সময়ই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু তারা জমি অধিগ্রহণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। মোট সাড়ে ১০ কোটি টাকা বকেয়া পড়েছে। এই টাকা পরিশোধ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিবছরই কিছু কিছু টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। চলতি বছরে ৮০ লাখ টাকা জমি অধিগ্রহণ বাবদ দেওয়া হবে। আশাকরি, আগামী বছরের মধ্যে পুরো টাকাই পরিশোধ করা সম্ভব হবে।’