সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত একজন।
আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার গাড়দহ হাটখোলা নামক স্থানে নগরবাড়ি-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান।
নিহত তিন ব্যক্তির মধ্যে একজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে। সুনীল হালদার (৬০) নামের ওই ব্যক্তি মাছ ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি উপজেলার পারকোলা গ্রামে। বাবার নাম কুঞ্জু হালদার।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে শাহজাদপুর থেকে হাটিকুমরুল যাচ্ছিল। উল্লাপাড়া থেকে পাবনার দিকে যাচ্ছিল ট্রাকটি।
শাহজাদপুরের গাড়দহ হাটখোলা নামক স্থানে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। সিরাজগঞ্জ সদরে ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার আরেক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত এক যাত্রীকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাঁরা মহাসড়ক থেকে অটোরিকশাটি সরিয়ে নেন।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।