সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাদপুর জিআর কলেজ এলাকায় খাদে পড়ে আছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি। এতে ট্রাকের তিন আরোহী নিহত ও দুজন আহত হয়। ছবি: সংগৃহীত
দাদপুর জিআর কলেজ এলাকায় খাদে পড়ে আছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি। এতে ট্রাকের তিন আরোহী নিহত ও দুজন আহত হয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। আজ রোববার সকালে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর জিআর কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই ট্রাকের আরোহী। তাঁরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রাশিদুল ইসলাম (২২), আবদুর রহমান (২৪) ও আল আমিন (২৬)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, সকালে দাদপুর জিআর কলেজের সামনে ঢাকা থেকে বগুড়াগামী টিন বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন, রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। ট্রাক থেকে আহত অবস্থায় দুজনকে ও কাভার্ডভ্যান থেকে তিনজনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। লাশ তিনটি হাটিকুমরুল হাইওয়ে থানায় রয়েছে।